
উসূলুল ফিকহ [আহলুস সুন্নাহ ওয়াল জামা'আতের পদ্ধতির আলোকে]
লেখক: প্রফেসর ড. মোহাম্মদ মানজুরে ইলাহী
জীবনের প্রতিটি ক্ষেত্রে আল-কুরআন ও আস-সুন্নার অনুশাসন মেনে চলা ইসলামী শারী‘আর একান্ত নির্দেশ। এ দুটি শাস্ত্রের বিশাল ভান্ডার থেকে আমাদের আহরণ করতে হয় সকল বিধিবিধান। কিন্তু প্রশ্ন হলো, কীভাবে আমরা জ্ঞানের এ দু উৎস থেকে এত সব বিধিবিধান ইস্তিম্বাত করব? সমসাময়িক জটিল সমস্যার সমাধানে ইসলামের শাশ্বত মূলনীতিগুলোর প্রয়োগ পদ্ধতিই বা কী হতে পারে? এ সকল জটিল জিজ্ঞাসার সার্থক উত্তর মিলবে ইসলামী আইনশাস্ত্রের অনন্য শাখা ‘উসূলুল ফিকহ’ শাস্ত্রে। এটি মূলত ফিকহ বোঝার মূলনীতি। আহলুস সুন্নাহ ওয়াল জামা‘আতের পদ্ধতির আলোকে রচিত ‘উসূলুল ফিকহ’ গ্রন্থটি ইসলামী শারী‘আর তাত্ত্বিক ও পদ্ধতিগত মূলনীতির একটি অনবদ্য গ্রন্থ, যার মূল লক্ষ্য হলো কুরআন ও সুন্নার ভাষ্য থেকে নির্ভুলভাবে বিধিবিধান আহরণের পথ প্রদর্শন করা, জটিল শাস্ত্রীয় পরিভাষাগুলোর সাবলীল ও প্রাঞ্জল উপস্থাপনা এবং ইজতিহাদ ও তাকলীদ নিয়ে ভারসাম্যপূর্ণ ও দালীলিক আলোচনা।
ফকীহ, গবেষক, মাদরাসার শিক্ষার্থী ও সচেতন পাঠকদের জন্য দীনকে দালীলিকভাবে বোঝার এটি এক অনন্য বই। স্রেফ ফাতাওয়া নয়, বরং ফাতাওয়ার উৎস ও পদ্ধতিগত জ্ঞান অর্জনের মাধ্যমে দীনী বুঝকে আরো শাণিত করতে এটি একটি গুরুত্বপূর্ণ ও অপরিহার্য গ্রন্থ। সর্বোপরি, বাংলা ভাষায় উসূলুল ফিকহ-এর মতো একটি জটিল ও কঠিন শাস্ত্রকে সহজবোধ্যভাবে উপস্থাপনের মাধ্যমে এটি ইসলামী জ্ঞানচর্চায় এক অনুপম সংযোজন।
